গল্প
আলগাবাড়ির একলামানুষ
যুবাইর ইসহাক
রোকসানা বেগমের এককালে খারাপ সময় গেছে। অভাবে, যাতনায় কেটেছে দিন। অনেক মানুষের যেমন জীবনে একবার যায়।
তখন তার বয়স চল্লিশের ঘর ছুঁয়নি। হুট করে খবর এলো একদিন, প্রবাসে তার স্বামী মারা গেছেন। অথচ রেখে গেছেন এলোমেলো সংসার। শক্ত হাতে হাল ধরার কেউ নেই। ছেলে-সন্তানও বড়ো হয়নি তেমন। বড়ো ছেলেটার বয়স সতেরো।
নিজেই ডানা মেললেন। বাবার বাড়ির সহযোগিতায় ধরলেন পরিবারের হান।
আজ তার বয়স ষাট। এই বিশ বছরে অনেক পরিবর্তন হয়েছে তার। কাছের লোকজন বলে, দিন ফিরেছে রোকসানার। বড়োবোনের সহযোগিতায় তিন ছেলে এখন স্ত্রীসন্তান নিয়ে লন্ডনে। বছরে একবার দেশে ঘুরে যায়। মেয়েটার বিয়ে হয়েছে গতবার। সে-ও স্বামীর সঙ্গে প্রবাসে।
আর রোকসানা বেগম ছেড়েছেন স্বামীর ভিটে। ছেলেরা রাস্তার পাশে জমি কিনে তিনতলা বাড়ি করেছে। বাড়ির চারদিকে উঁচু দেওয়াল ফিরানো। এখানে ওখানে দেশী-বিদেশী ফলফুল গাছ। একটু আলাদা হওয়ায় লোকেরা ডাকে আলগা বাড়ি। বাড়িতে তার সাথে থাকে কয়েকজন কাজের মেয়ে। রোকসানা বেগমের করবার মতো কিছু নেই। প্রায় সময় বেলকনিতে বসে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকেন। আর লোকজন তখন আলগাবাড়ির ব্যালকনিতে একজন একলা মানুষকে বসে থাকতে দেখে।
লেখক: গল্পকার ও অনুবাদক


No comments